উত্তরায় ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি: ডিবির হাতে গ্রেপ্তার ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, 6:14 pm
উত্তরায় ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি: ডিবির হাতে গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ আগস্ট) রাতে ডিবির পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির সময় ছিনিয়ে নেওয়া টাকাও উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ও গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্তে অগ্রগতির পর বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করেছে ডিবি। তবে ডাকাতির পরিকল্পনা থেকে শুরু করে ঘটনার বাস্তবায়ন পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের কার কী ভূমিকা ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ডিবি জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে গ্রেপ্তার অভিযান, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত এবং ডাকাতির মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।

এর আগে গত ৯ আগস্ট সকালে উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের বিপুল পরিমাণ অর্থ ডাকাতির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত টাকাবাহী গাড়ির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনার পর বিমানবন্দর থানায় মামলা করা হয়। পাশাপাশি ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট তদন্তে নামে। ডিএল পেট্রোল পাম্পের মালিকানার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আকতার হকের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে। তাঁর মা বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।