১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
ছবি: সংগৃহীত
১৫ আগস্ট শনিবারকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় পুরো ঢাকাকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার থাকবে।
অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবে ডিবি ও সিটিটিসির সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের সদস্যরা নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে।
জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হবে। পাশাপাশি স্বাভাবিক দায়িত্বের বাইরে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হবে।
ডিএমপি আরও জানিয়েছে, সংস্থাটির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে অবস্থান করে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।



আপনার মতামত লিখুন