কয়েক দিনের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:পিএমও
চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সমস্যা অনেকটা স্বাভাবিক হয়ে আসবে।শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। ইতোমধ্যে কারিগরি ত্রুটির পরিমাণ কমানো হয়েছে। তবে সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল হঠকারী কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় সংকট মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধী দলকে সমালোচনার পাশাপাশি বাস্তবসম্মত সমাধান নিয়ে এগিয়ে আসার পরামর্শ দেন। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে বিরোধী দলকে তিন মাসের মধ্যে কার্যকর পরিকল্পনা দিতে হবে।
গণতন্ত্র ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ও জবাবদিহি নিশ্চিত হলে উন্নয়নের পথ আরও সুগম হবে। অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে স্কুলশিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কার্যক্রম শুরু হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও বাস্তবায়ন করবে সরকার।



আপনার মতামত লিখুন