মা হতে ‘ডিম্বাণু সংরক্ষণ’ করেছেন অবিবাহিতা রাইমা সেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, 5:00 pm
মা হতে ‘ডিম্বাণু সংরক্ষণ’ করেছেন অবিবাহিতা রাইমা সেন

ভারতীয় সিনেমার অভিনেত্রী রাইমা সেন ৪৬ বছর বয়সেও অবিবাহিত। তার সমসাময়িক অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন, কেউ কেউ সন্তানের মা-ও হয়েছেন।

ফলে রাইমার বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলেরও শেষ নেই। তবে বিয়ে কিংবা সংসার নিয়ে নিজের ভাবনা এবার খোলামেলাভাবেই জানিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা সেন বলেন, ‘সত্যি কথা বলতে, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’

একা থাকার সিদ্ধান্ত নিয়ে মা মুনমুন সেন কী ভাবেন- এমন প্রশ্নের জবাবেও খানিকটা চমকে দিয়েছেন রাইমা। তার ভাষ্য, আগে মা এ বিষয়টি নিয়ে চিন্তা করতেন।

তবে এখন দেশ-দুনিয়ার পরিস্থিতি দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। মায়ের পরামর্শ, ‘জোর করে কিছু করো না। পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’

বিয়ের প্রতি আগ্রহ না থাকলেও মা হওয়ার ইচ্ছে রয়েছে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে রাইমা বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সব ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। তবে আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’

ভবিষ্যতে মা হওয়ার সেই সম্ভাবনার কথা ভেবেই অনেক আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন রাইমা। তিনি বলেন, ‘সেই সব সাত-পাঁচ ভেবে অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছি।’