দেশে নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা ও তদূর্ধ্ব করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের ন্যূনতম মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এ জন্য সিগারেটের দাম নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং এ খাতে রাজস্ব ঘাটতি কমানোই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ১০ শলাকার সিগারেটের মূল্যস্তর অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছিল। এবার নিম্নস্তরের সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়ানো হচ্ছে।
সিগারেটের স্তর বাজেটে নির্ধারিত দাম নতুন দাম নিম্নস্তর ৬২ টাকা ৬৫ টাকা ও তদূর্ধ্ব মধ্যম স্তর ৯২ টাকা ৯২ টাকা ও তদূর্ধ্ব উচ্চ স্তর ১৬০ টাকা ১৬০ টাকা ও তদূর্ধ্ব অতি-উচ্চ/প্রিমিয়াম স্তর ২১০ টাকা ২১০ টাকা ও তদূর্ধ্ব
অর্থাৎ, ৭ সেপ্টেম্বরের সিদ্ধান্তে শুধু নিম্নস্তরের সিগারেটের মূল্যসীমা ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হচ্ছে। মধ্যম, উচ্চ ও অতি-উচ্চ স্তরের দাম অপরিবর্তিত থাকছে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ১০ শলাকার প্যাকেটে সব স্তরের সিগারেটের দাম ২ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর মধ্যে নিম্নস্তরের সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল।