কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক।

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, 6:46 pm
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক।

ছবি: সংগৃহীত

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে আলাদা অ্যাপ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণের পাশাপাশি দর্শক বাড়ানোর বিভিন্ন পরামর্শও পাওয়া যাবে। ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এতে রয়েছে এআইভিত্তিক ‘ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’, যা নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকদের আগ্রহ এবং পোস্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে বিভিন্ন পরামর্শ দেবে।

কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক?

নতুন অ্যাপ ব্যবহারে কনটেন্ট নির্মাতাদের আলাদা করে বিভিন্ন পরিসংখ্যান ঘেঁটে ফলাফল বের করতে হবে না। সরাসরি জানা যাবে, দিনের কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন পোস্ট ভালো পারফর্ম করছে এবং কোন ধরনের কনটেন্ট দর্শকদের বেশি আকৃষ্ট করছে, সে তথ্যও পাওয়া যাবে।                           এ ছাড়া দর্শকদের মন্তব্য সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য দেবে এআই সহকারী। নির্মাতারা চাইলে সরাসরি এআই সহকারীকে প্রশ্ন করে কনটেন্ট ও দর্শকদের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে পারবেন।

মন্তব্য ব্যবস্থাপনাতেও এআই

মন্তব্য ব্যবস্থাপনাকে সহজ করতেও নতুন অ্যাপটিতে এআই সুবিধা যুক্ত করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখাবে এবং প্রয়োজন অনুযায়ী মন্তব্যের সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে। নির্মাতারা এআইয়ের তৈরি উত্তর সরাসরি প্রকাশ করতে পারবেন অথবা নিজের প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন।

প্রতিদিনের কাজের অগ্রাধিকার জানাবে অ্যাপ

অ্যাপটি প্রতিদিন চালু করলে নির্মাতারা একটি অগ্রাধিকার তালিকা দেখতে পাবেন। সেখানে সর্বশেষ পোস্টের ফলাফল, নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতি এবং কোন কোন মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন এসব তথ্য একসঙ্গে দেখানো হবে। ফলে কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ থেকে শুরু করে দর্শকদের সঙ্গে যোগাযোগ দুই ধরনের কাজই এক জায়গা থেকে পরিচালনা করা সহজ হবে।

আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডায়

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কনটেন্ট তৈরি ও বিশ্লেষণের কাজে নির্মাতাদের অন্য প্রতিষ্ঠানের এআই টুলের ওপর নির্ভরতা কমাতেও অ্যাপটি ভূমিকা রাখতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ চালু করা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য দেশেও অ্যাপটির ব্যবহার সম্প্রসারণ করা হতে পারে।