হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় লিখিত অভিযোগ
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছেলে ও পরিবারের সদস্যদের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সাবেক বিয়াইনের পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইয়াসমিন বেগম ও তাঁর স্বজনরা। শনিবার (২২ আগস্ট) রাতে কালিয়াকৈর থানার আইস মার্কেট এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তাঁরা।
ইয়াসমিন বেগম জানান, প্রায় দুই বছর আগে পরিবারের অমতে তাঁর ছেলে ইয়াসিন আরাফাত ইমন সোনিয়া নামের এক নারীকে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে সোনিয়া ইমনকে তালাক দেন। এরপর থেকেই ইমনের বর্তমান স্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে ঢুকে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার অভিযোগ করেন ইয়াসমিন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আইস মার্কেট এলাকায় গাড়ি পার্কিংয়ের সময় ইমন মুঠোফোনে তাঁর বর্তমান স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় ইমনের কথোপকথনকে নিজের উদ্দেশে বলা হচ্ছে বলে ভুল বোঝেন তাঁর সাবেক শাশুড়ি। পরে তিনি ছেলে ফিরোজকে ডেকে আনেন। একপর্যায়ে ফিরোজ ও তাঁর মা ইমনের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে ইমনের এক হাত ভেঙে যায়। ইমনকে রক্ষা করতে গিয়ে সৌরভ নামের আরও এক যুবক আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সফিপুরের তানহা হাসপাতালে ভর্তি করেন।
ইয়াসমিনের আরও অভিযোগ, হামলার পর থেকে সাবেক বিয়াইনের পরিবারের সদস্যরা বহিরাগতদের নিয়ে তাঁদের বাড়িতে একাধিকবার হামলার চেষ্টা করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ কারণে পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে ফিরতে পারছেন না বলেও দাবি করেন তিনি। নিরাপত্তাহীনতায় থাকা পরিবারটির পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় নিরাপত্তার দাবি জানানো হয়।
এ ঘটনায় ইয়াসমিন বেগমের স্বামী আমির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।



আপনার মতামত লিখুন