১৫ আগস্ট ঘিরে নলছিটিতে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. জলিলুর রহমান আকন্দ, সুবিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম মল্লিক এবং দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা।
পুলিশ জানায়, ১৫ আগস্টকে সামনে রেখে নলছিটি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অপতৎপরতা ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আপনার মতামত লিখুন