কিশোরগঞ্জে রোববার প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর, থাকছে মৎস্য পক্ষ ও ফ্যামিলি কার্ড উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, 6:06 pm
কিশোরগঞ্জে রোববার প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর, থাকছে মৎস্য পক্ষ ও ফ্যামিলি কার্ড উদ্বোধন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী রোববার (১৬ আগস্ট) জেলার কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।দুপুর আড়াইটার দিকে তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাবেন। সেখানে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। একই সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

বিকেল সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় অবস্থান ও বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

এর আগে গত ১০ মার্চ দিনাজপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ সফরে এসে এবার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্ড বিতরণ করবেন তিনি।সরকারি সফরের কর্মসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার সফরের কর্মসূচি সম্পর্কে প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সূচিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের কর্মসূচিগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।ইতোমধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সফরস্থলগুলো পরিদর্শন করেছেন। তারা জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ও করেছেন।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।