এক্সে বদলে যাচ্ছে আয় ব্যবস্থা, আসছে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর লোগো। ছবি: সংগৃহীত
কনটেন্ট নির্মাতাদের আয় ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। বর্তমানে চালু থাকা ‘ক্রিয়েটর আর্নিংস’ কর্মসূচি বন্ধ করে এর পরিবর্তে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামে নতুন একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে প্ল্যাটফর্মটি। নতুন কর্মসূচির মাধ্যমে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো এক্সেও মৌলিক ও সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের আয় করার সুযোগ আরও বাড়বে। নতুন নিয়ম চালুর আগ পর্যন্ত আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান পদ্ধতিতে আয় করা যাবে। এরপর ৮ সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচিতে আবেদন করার সুযোগ দেওয়া হবে।
থাকতে হবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন
নতুন আয় ব্যবস্থায় অংশ নিতে ব্যবহারকারীর এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ৫০০ জন যাচাইকৃত ফলোয়ার এবং গত ৯০ দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে অন্তত ৫ লাখ ভিউ থাকতে হবে। তবে নতুন ব্যবস্থায় শুধু ফলোয়ার বা ভিউয়ের সংখ্যাই গুরুত্বপূর্ণ হবে না। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে নির্মাতার নিজস্ব ও মৌলিক কনটেন্টকে।
কোন কনটেন্টে মিলবে আয়?
নির্মাতার নিজের তৈরি ছবি, ভিডিও, প্রতিবেদন, বিশ্লেষণ, মতামত, মিম ও গ্রাফিকস নতুন কর্মসূচির আওতায় থাকবে। অর্থাৎ অন্যের কনটেন্টের ওপর নির্ভর না করে নিজস্ব সৃষ্টিশীলতা ব্যবহার করে তৈরি কনটেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হবে। অন্যের কনটেন্টে সামান্য পরিবর্তন এনে পুনরায় প্রকাশ করলে সেটিকে অরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে না। একইভাবে অন্য অ্যাকাউন্টের পোস্ট কপি করা, কোনো কনটেন্ট ডাউনলোড করে আবার প্রকাশ করা কিংবা সামান্য সম্পাদনা করে নতুন কনটেন্ট হিসেবে দেখানোর ক্ষেত্রেও আয় পাওয়ার সুযোগ থাকবে না।
কেন পরিবর্তন আনছে এক্স?
এক্সের দাবি, পুরোনো ‘ক্রিয়েটর আর্নিংস’ ব্যবস্থার বিভিন্ন প্রণোদনা সময়ের সঙ্গে এমন পর্যায়ে পৌঁছেছিল, যেখানে সেগুলো প্রত্যাশা অনুযায়ী কার্যকর হচ্ছিল না। নতুন কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নির্মাতাদের মৌলিক ও নতুন কনটেন্ট তৈরিতে আরও উৎসাহিত করা। এক্সের অ্যালেগ্রা জাকিয়ার মতে, নির্মাতাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত প্ল্যাটফর্মে নতুন কিছু তৈরি করা; শুধু বেশি অর্থ উপার্জনের দিকে মনোযোগ দেওয়া নয়।
এর আগে চলতি বছরের এপ্রিলেও আয় ব্যবস্থায় পরিবর্তন এনেছিল এক্স। তখন অন্যের কনটেন্ট কপি বা সংগ্রহ করে প্রকাশ করা এবং অতিরিক্ত আকর্ষণনির্ভর কনটেন্টের ওপর নির্ভরশীল অ্যাকাউন্টগুলোর আয় কমানোর উদ্যোগ নেওয়া হয়। নতুন ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচির মাধ্যমে এক্স এখন মূলত মৌলিক, সৃজনশীল ও নতুন কনটেন্টকে পুরস্কৃত করতে চাইছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে কর্মসূচিটির নিয়মে আরও পরিবর্তন বা পরিমার্জন আনা হতে পারে।



আপনার মতামত লিখুন