বিমানবন্দরে একদিনে চার অভিযানে ৪২ লাখ টাকার পণ্য জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, 4:50 pm
বিমানবন্দরে একদিনে চার অভিযানে ৪২ লাখ টাকার পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, আমদানিনিষিদ্ধ প্রসাধনী, বিদেশি মদ, সিগারেট ও ওষুধ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।শনিবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে সিআইআইডি।

সংস্থাটি জানায়, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল-১৮৯ ফ্লাইটে কলম্বো থেকে ঢাকায় আসা যাত্রী মো. পারভেজকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক করা হয়। পরে তাঁর ট্রলিতে বিশেষ কৌশলে তৈরি গোপন স্থানে লুকিয়ে রাখা ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। একই যাত্রীর লাগেজ থেকে বৈধ কাগজপত্রবিহীন ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধও জব্দ করা হয়। স্বর্ণ ও ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।অন্য একটি অভিযানে এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে আসা যাত্রী জনি মিয়ার ব্যাগ তল্লাশি করে ৬ লিটার গ্রান্টস ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এদিকে এমিরেটসের ইকে-০৫৮৬ ফ্লাইটে আগত যাত্রী মো. মিজানুর রহমানের লাগেজে তল্লাশি চালিয়ে ২৯ কার্টন সিগারেট এবং ৭০৮ পিস পাকিস্তানি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৯ হাজার টাকা।অপর অভিযানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩১৬ ফ্লাইটে আসা যাত্রী সুমা বেগমের কাছ থেকে ৩০ কেজি আমদানিনিষিদ্ধ গৌরি ক্রিম উদ্ধার করা হয়। এসব ক্রিমের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।

সিআইআইডির তথ্য অনুযায়ী, চারটি অভিযানে মোট ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে।জব্দ করা সব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।