ল্যাভেন্ডা ফ্যাশনের এক কোটি টাকা লুট: গ্রেপ্তার ৩, উদ্ধার ৯৭ লাখ টাকা
গাজীপুরের মৌচাক এলাকার ল্যাভেন্ডা ফ্যাশন কারখানার শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের জন্য বহন করা এক কোটি টাকা লুটের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এ সময় লুণ্ঠিত টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ল্যাভেন্ডা ফ্যাশন কারখানার শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচের জন্য এক কোটি টাকা বহন করা হচ্ছিল।
টাকাগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্যাডেট ক্লাবের সামনে পৌঁছালে চীনা ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান পরিকল্পিতভাবে ওই টাকা নিয়ে পালিয়ে যান। ঘটনার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মূল আসামি জাহিদ হাসানসহ এক নারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মতামত লিখুন