আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, 12:36 pm
আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম সম্মেলন

ভারতের রাজধানী নয়াদিল্লির আজ শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত- এই ১১টি উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

সম্মেলন ঘিরে দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে হাজারো পুলিশ ও আধাসামরিক সদস্য। গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে ব্যারিকেড ও চেকপোস্ট, নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচলও।

নতুন অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও জোরালো করার বার্তা দিচ্ছে ব্রিকস। এবার জোটের আলোচনায় বড় কোনো বৈশ্বিক আর্থিক ব্যবস্থা বদলের বক্তব্যের চেয়ে অর্থনৈতিক সংযোগ বাড়ানোর বাস্তব উদ্যোগে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। ব্রিকস বিজনেস ফোরামে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা কমিয়ে ব্যবসার সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্রিকসের অর্থনৈতিক শক্তি বাড়ার বিষয়টি তুলে ধরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার দাবি, গত পাঁচ বছরে বিশ্ব জিডিপিতে ব্রিকসের অংশ বেড়ে ৪০ শতাংশের বেশি হয়েছে। বিপরীতে জি-সেভেনের অংশ ২৯ শতাংশ। পুতিনের অভিযোগ, নিজেদের পুরোনো নেতৃত্ব ধরে রাখতে পশ্চিমা দেশগুলো প্রতিযোগিতায় বাধা দিচ্ছে। শিল্প ও সরবরাহ অবকাঠামোয় হামলা, জাহাজ জব্দ এবং সেকেন্ডারি নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি।

বড় অবকাঠামো ও জ্বালানি প্রকল্পের ঝুঁকি মোকাবিলায় ব্রিকসের যৌথ পুনর্বিমা কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছে ইরান।ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে, প্রায় ১০ বিলিয়ন ডলারের এই উদ্যোগ বিনিয়োগে বেসরকারি খাতের আস্থা বাড়াবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নৌযান চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিতে জোর দেন নরেন্দ্র মোদি।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর দিল্লির পথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ভারত-চীন সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে মতপার্থক্য সামলে দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বার্তা দিয়েছে বেইজিং।

বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি এবার ব্রিকসের আলোচনায় গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য সংকটও।ইরান সদস্য হওয়ার পর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ও হরমুজ প্রণালির উত্তেজনা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একই ঘটনায় ইরান ও সংযুক্ত আরব আমিরাতের ভিন্ন অবস্থান থাকায়, মধ্যপ্রাচ্য সংকটে অভিন্ন অবস্থানে পৌঁছানোই হতে পারে ব্রিকসের বড় পরীক্ষা।