জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে
বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য সংসদে উপস্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিলটি পাসের সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিলটি পুঙ্খানপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংশোধিত আকারে সংসদে পাসের সুপারিশ করেছিল কমিটি। কমিটির ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সদস্য মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম ও সৈয়দ জয়নুল আবেদীন। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
9 September, 2026, 10:09 pm