গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে জেলা প্রশাসকের সাইলেন্ট র‍্যালি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, 5:08 pm
গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে জেলা প্রশাসকের সাইলেন্ট র‍্যালি

Oplus_131072

শব্দদূষণমুক্ত করার লক্ষ্যে মোটরসাইকেল চালক, বাইকার, কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে একটি ‘সাইলেন্ট র‍্যালি’ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, গাজীপুরের উদ্যোগে বুধবার ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সভায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, মোটরসাইকেলে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ, উচ্চ শব্দের সাইলেন্সার পরিহার এবং সড়কে দায়িত্বশীলভাবে মোটরসাইকেল চালানোর বিষয়ে আলোচনা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি মোটরসাইকেল চালকদের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জিএমপির ডিসি ট্রাফিক আশরাফুল আলম, জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম প্রমুখ।সভায় গাজীপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর, মোটরসাইকেল চালক ও বাইকাররা অংশ নেন। পরে শব্দদূষণবিরোধী সচেতনতার বার্তা নিয়ে মোটরসাইকেলে ‘সাইলেন্ট র‍্যালি’ বের করা হয়।

Oplus_131072

বক্তারা বলেন, শব্দদূষণ শুধু বিরক্তির কারণ নয়, এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলে। তাই সড়কে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন মেনে চলার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে প্রশাসন, পুলিশ, মোটরসাইকেল চালক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।