ছাত্রদলের ‘রাকিব-নাছির’ কমিটির বিদায়, নতুন নেতৃত্বের অপেক্ষা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘রাকিব-নাছির’ কমিটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সাক্ষাৎ করেছে। এর মধ্য দিয়ে সংগঠনটির নতুন নেতৃত্ব আসার প্রক্রিয়া যেকোনো সময় শুরু হতে পারে বলে আলোচনা চলছে।ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিএনপির চেয়ারম্যান কিংবা দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা এসেছে কি না এমন প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শুক্রবার পর্যন্ত তাঁর কাছে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। নতুন কমিটি গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘রাকিব-নাছির’ কমিটির বিদায়ী সাক্ষাৎ প্রসঙ্গে রিজভী বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে তাদের আলোচনা হয়েছে—এটা স্বাভাবিক। তবে সেখানে কী আলোচনা হয়েছে বা কী নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি এই মুহূর্তে কিছু বলতে পারছেন না। নতুন কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন কমিটি সাধারণত রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশ করা হয়। এ কারণে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সাংবাদিকরা তাঁর কাছেই জানতে চান।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের ‘রাকিব-নাছির’ কমিটির বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ পাঁচ নেতা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন