জামায়াতকে মিথ্যার রাজনীতি ছাড়ার আহ্বান তারেক রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:পিএমও
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিভ্রান্তি ও উসকানির রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) দুস্থদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াত অতীতে ১৯৭১, ১৯৮৬ ও ১৯৯৬ সালে ভুল করেছে। ২০২৬ সালেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দলটিকে মিথ্যা ও বিভ্রান্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিরোধী দলের কাছে যদি জনগণের কল্যাণে বাস্তবসম্মত কোনো পরিকল্পনা থাকে, তাহলে তা সংসদ ও জনগণের সামনে তুলে ধরতে হবে। পরিকল্পনাটি দেশের মানুষের উপকারে এলে সরকার সেটি বাস্তবায়নে সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই সংকট অনেকটা কাটিয়ে ওঠার আশা করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা না করে বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সংকট মোকাবিলায় বিরোধী দলকে আগামী তিন মাসের মধ্যে বাস্তবভিত্তিক পরিকল্পনা দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। তার মতে, দেশে গণতন্ত্র ও জবাবদিহি নিশ্চিত হলেই টেকসই উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে স্কুলশিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কার্যক্রম শুরু হবে। পাশাপাশি দেশের সব উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।



আপনার মতামত লিখুন