মেহেরপুর শহরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক ও চাঞ্চল্য
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার
১৫ আগস্টের ভোরে মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সকালে পরপর তিন জায়গা থেকে এসব বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলতে থাকা একটি বোমাসদৃশ বস্তু প্রথমে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
এর কিছুক্ষণ পর শহরের কোর্ট মোড় এলাকা থেকেও একই ধরনের আরেকটি বস্তু উদ্ধার করা হয়। পরে সোনালী ব্যাংকের সামনেও বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আরও একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে রেখে নিরাপদে থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এগুলো ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো দেখতে বলে ধারণা করা হচ্ছে।
তবে বস্তুগুলো প্রকৃতপক্ষে কী এবং এতে কোনো বিস্ফোরক উপাদান রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। একই সকালে তিনটি পৃথক স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।



আপনার মতামত লিখুন