সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া এই নেত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। শনিবার বেলা ১১টায় সেখানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। এদিকে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ আগস্ট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরদিন ১৬ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই কর্মসূচি পালনের কথা রয়েছে।
রাজনীতিতে দীর্ঘ পথচলা:
খালেদা জিয়ার পারিবারিক নাম ছিল খালেদা খানম এবং ডাকনাম পুতুল। শৈশবের একটি সময় তিনি জলপাইগুড়িতে আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করেন। পরে পরিবারের সঙ্গে দিনাজপুরে বসবাস শুরু করেন। সেখানে মিশনারি স্কুল ও দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর দলটির রাজনীতিতে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন খালেদা জিয়া। ১৯৮১ সালে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্বে আসেন তিনি। এরপর দেশের রাজনীতিতে তার প্রভাব ক্রমেই বাড়তে থাকে। ১৯৮৩ সালে তার নেতৃত্বে বিএনপি কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে জোট গঠন করে এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।
এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও দুই দফায় সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি। জীবনের শেষ পর্যায়ে মামলা, কারাবাস ও নানা শারীরিক জটিলতার কারণে দীর্ঘ সময় প্রতিকূলতার মধ্যে ছিলেন খালেদা জিয়া।
ওয়ান-ইলেভেনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি কারাবন্দী ছিলেন। পরে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয় তাকে।দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর দেশে-বিদেশে চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন তিনি।



আপনার মতামত লিখুন