১৮ তম ব্রিকস সম্মেলনে ভারত যাচ্ছেন শি জিনপিং
ভারতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিস্তারিত : বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ১২ থেকে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন।
এর আগে বৃহস্পতিবারই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন শির ভারত সফরের বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে দেওয়ার মতো কোনো তথ্য নেই।
শির এই ভারত সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ ২০২০ সালের গালওয়ান উপত্যকার সীমান্ত সংঘর্ষের পর এটাই হবে প্রায় সাত বছরের মধ্যে চীনা প্রেসিডেন্টের প্রথম ভারত সফর।
ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। চীনের পক্ষেও বেশ কয়েকজন সেনা নিহত হলেও দীর্ঘ সময় পর্যন্ত সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।
সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত উত্তেজনা কমানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হলেও ভারত-চীন সম্পর্ক এখনো নানা বিষয়ে সংবেদনশীল।
এর আগে সর্বশেষ ২০১৯ সালে ভারত সফর করেছিলেন শি জিনপিং। সে সময় চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেন তিনি।
শি প্রথম ভারত সফর করেন ২০১৪ সালের সেপ্টেম্বরে, যখন দুই নেতাই নিজ নিজ দেশের প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন। পরে ২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও যোগ দিতে ভারত সফর করেন তিনি।
তথ্যসূত্র: এনডিটিভি



আপনার মতামত লিখুন