সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু,বাড়তে পারে প্রাণহানি
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত ৮ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক গুরুতর অসুস্থ ও আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।ইয়ার্ড সূত্রে জানা যায়, একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে গ্যাস নির্গত হওয়ার খবর পেয়ে সেফটি টিমের সদস্যরা সেখানে যান। এ সময় হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে থাকা কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।ইয়ার্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে ৮ শ্রমিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। তবে গুরুতর অসুস্থ কয়েকজনের অবস্থা অবনতির দিকে থাকায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারি ছুটির দিন শুক্রবারও ইয়ার্ডে কাজ চলছিল। শ্রমিকদের দিয়ে কাজ করানোর সময়ই জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে না নিয়ে ইয়ার্ডের প্রধান ফটকে তালা দেওয়া এবং নিহতদের ইয়ার্ডের বিভিন্ন কক্ষে রাখার অভিযোগও করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দুর্ঘটনার প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে ইয়ার্ড কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অন্যদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান প্রাথমিকভাবে একজন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।দুর্ঘটনার প্রকৃত কারণ, নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না এবং মোট কতজন হতাহত হয়েছেন—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।



আপনার মতামত লিখুন