নুরকে নিয়ে এমপির বক্তব্যের জেরে কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ছবি: সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে এমপি আমির হামজার বক্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাড়ে ছয় রাস্তার মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সভাপতি যখন সমাপনী বক্তব্য দিচ্ছিলেন, তখন এমপি আমির হামজার গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছায়।
এ সময় স্থানীয় জামায়াত সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এনএস রোড ও আশপাশের এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এমপি আমির হামজার ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, ‘এমপি আমির হামজার গাড়িতে হামলা’ এবং ‘বাড়ি ভাঙচুরের চেষ্টা’ হয়েছে। তবে পোস্টে হামলার সময়, স্থান কিংবা কারা এতে জড়িতসে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাতব্বর হোসেন জানান, সংসদ সদস্যের নিরাপত্তার কথা বিবেচনা করে তার বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার পর বাড়িটি ঘেরাও করা হতে পারে—এমন আশঙ্কার খবর পাওয়ার পরই পুলিশ সেখানে অবস্থান নেয়।



আপনার মতামত লিখুন